কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার। দেশের কৃষি এবং কৃষকদের স্বার্থ রক্ষার জন্য ১৯৭১ সালের ১৯ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক লীগ প্রতিষ্ঠা করেছিলেন। ৫১ বছর পূর্তি উপলক্ষে সংগঠনটির পক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করা হবে।

তবে সংগঠনটিকে কৃষকের দাবি আদায়ে তেমন সক্রিয় অবস্থানে দেখা যায়নি নিকট অতীতে। যদিও কৃষক লীগের নেতাদের দাবি, অতীতে কৃষি উপকরণের দাবি আদায়ে পুলিশের গুলিতে কৃষকের প্রাণ হারাতে হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ কৃষকের হাতে পৌঁছে দিচ্ছে। এ কারণে উপকরণগুলো যাতে যথাযথভাবে কৃষকের হাতে পৌঁছায় সেই কাজ করছে কৃষক লীগ।

সংগঠনটির সভাপতি সমীর চন্দ চন্দ্র বলেন, ‘আগে কৃষক ফসলের ন্যায্য দাম পেতেন না, এখন তারা ন্যায্য মূল্য পান। তাতে কৃষক খুশি। কৃষককে সারের জন্য গুলি খেয়ে মারা যেতে হয় না। বীজের জন্য লাইন দিতে হয় না।’

তিনি আরও বলেন, ‘কৃষকের জন্য আমরা দাবি করার আগেই শেখ হাসিনা উদ্যোগ গ্রহণ করেন। সেগুলো বাস্তবায়নে সরকারের পাশে থেকে যদি কোনো ব্যত্যয় ঘটে সেখানে কৃষক লীগ কৃষকের পাশে থাকে।’