বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স অভিযোগ করে বলেছেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকাসহ সারা দেশে দলের জনপ্রিয় নেতাদের বিরুদ্ধে আদালতের মাধ্যমে রায় দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে না থাকার পরও মিথ্যা অভিযোগে সাতক্ষীরা জেলা বিএনপির নেতা হাবিবুল ইসলাম হাবিবের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।’ গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে প্রিন্স বলেন, ‘২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা-মামলার রায়ে বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ চারজনের যাবজ্জীবন ও ৪৪ জনের ৭ বছর করে কারাদ-ের যে রায় ঘোষণা করা হলো তা নিঃসন্দেহে ফরমায়েশি। অবৈধ সরকারের নির্দেশেই রায় দেওয়া হচ্ছে। প্রধান বিচারপতিকে বন্দুকের জোরে সরিয়ে দেওয়াসহ আওয়ামী সরকারের নির্দেশে আদালতকে দিয়ে অনেক কিছুই করা হয়েছে এবং হচ্ছে।’