নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

ঈদে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে জনসংযোগ করুন

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে জনসংযোগ করার পাশাপাশি সরকারি প্রকল্পের উপকারভোগীদের খোঁজখবর নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

শেখ হাসিনা আজ বুধবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথসভায় ভার্চূয়ালি যুক্ত হয়ে এসব নির্দেশনা দেন।

সভায় উপস্থিত নেতারা জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দুস্থ এবং গরিব মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলকে আরও গতিশীল করার লক্ষ্যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন। একই সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস সম্পর্কে দেশবাসীকে সচেতন করাসহ সারা দেশের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ ছাড়া দলীয় নেতাদের কর্মীদের বৃক্ষ রোপণ করতেও নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি।

প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের মোবাইল ফোনে কল দিয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ উপস্থিতি নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করে এই নির্দেশনা দেন।

এ সময়ে প্রায় দশ মিনিট ভিডিওকলে কথা বলেন ও উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়সহ সবার নিরাপদ যাত্রার জন্য শুভ কামনা করেন শেখ হাসিনা।

এর আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলীর সদস্য, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সরকারের অসংখ্য প্রকল্পের মাধ্যমে দেশের নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ সব পর্যায়ের জনগণকে নানা ধরনের ভাতা প্রদান করা হচ্ছে। এই ভাতাগুলো উপকারভোগীদের কাছে সরাসরি যাচ্ছে কি-না সে বিষয়ে খোঁজখবর নিতে বলেছেন তিনি।

আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কি-না সে বিষয়েও সরেজমিনে খোঁজখবর নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সরকার প্রধান।