ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এয়ারপোর্ট গোলচত্তর আউটগোয়িংয়ে ময়মনসিংহমুখী বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মানাধীন বহুল প্রতীক্ষিত উড়াল সেতুটি খুলে দেওয়া হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বলাকা হয়ে ছাপড়া মসজিদ পর্যন্ত আধা কিলোমিটার সেতু গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার মো. ইসাহাক।
তিনি বলেন, সাময়িকভাবে বাস, ট্রাক, লং ভেহিকলের জন্য উড়াল সেতু ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে লং ভেহিকল বাদে অন্যান্য সকল গাড়ি উড়াল সেতুটি ব্যবহার করে পারাপার হতে পারবে। এতে করে এয়ারপোর্ট এলাকাকেন্দ্রিক যানজট লাঘব হবে যা এই সড়ক ব্যবহারকারীদের জন্য স্বস্তি বয়ে আনবে।
এয়ারপোর্ট উড়াল সেতুর সামনে কথা হয় মোটরসাইকেল চালক সাদ্দাম হোসেনের সাথে, তিনি দেশ রূপান্তরকে জানান, বলাকার সামনে থেকে এয়ারপোর্ট ছাপড়া মসজিদ এই আধা কিলোমিটার জায়গা পার হতে সময় নেয় ৪০ থেকে ৬০ মিনিট। আজ মাত্র পাঁচ মিনিটে ছাপড়া মসজিদে কাছে চলে এসেছি।
প্রাইভেট চালক আমজাদ আলী তিনি ও দেশ রূপান্তরকে জানান, এয়ারপোর্টের নিচের সড়কে বেশ কিছু কাউন্টার রয়েছে। ঈদে ঘরে ফেরা যাত্রীদের চাপ। সড়কে মানুষ হাঁটতে পারে না সেখানে গাড়ি নিয়ে যাওয়া অনেক কষ্টের। সেতুটি চালু হওয়াতে আমাদের অনেক লাভ হয়েছে। সরাসরি ওপর দিয়ে চলে আসা যাবে। যানজটে পড়ে থাকতে হবে না।
অন্যদিকে উত্তরা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কামরুজ্জামান বলেন, সেতুটির নির্মাণকাজ সঠিক সময়ে সম্পন্ন করার লক্ষ্যে ট্রাফিক উত্তরা বিভাগ সার্বক্ষণিক বিআরটি কর্তৃপক্ষকে সহযোগিতা করেছে এবং কাজের তদারকি অব্যাহত রেখেছে।