মেহজাবীনের জন্মদিনে নতুন সিরিজের ঘোষণা

নাটকে অভিনয় কমিয়ে এখন ওটিটিতে ব্যস্ত হয়েছেন সময়ের জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরী। গত ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল তার অভিনীত সর্বশেষ ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’। এরপর তাকে আর নতুন কোন কাজে পাওয়া যায়নি। এছাড়াও আসন্ন ঈদে প্রথমবারের মত পর্দায় অনুপস্থিত থাকছেন, যে কারণে তার ভক্তরা অনেকটাই হতাশ!

ভক্তদের জন্য সুখবর, নতুন কাজ নিয়ে ফিরছেন মেহজাবীন। তাকে দেখা যাবে নতুন একটি ওয়েব সিরিজে, নাম ‘আমি কী তুমি’। অভিনেত্রীর জন্মদিনে সিরিজটির একটি মোশন পোস্টার শেয়ার করে এ খবর জানান দেন, সঙ্গে অভিনেত্রীকে শুভেচ্ছা জানান পরিচালক ভিকি জাহেদ।

জানা গেছে, এটি মিক্সড জনরার। রোমান্স, থ্রিলার, ড্রামা সবকিছুর মিশেলে নির্মিত হচ্ছে।

ভিকি জাহেদ বলেন, এখনো কাজটি শেষ হয়নি তাই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কিছু বলা বারণ। আজ যেহেতু মেহজাবীন চৌধুরী আপুর জন্মদিন তাই তার এই বিশেষ দিনটিকে আরেকটু বিশেষ করে তুলতেই একটি মোশন পোস্টারের মাধ্যমে নতুন কাজের অ্যানাউন্স করলাম। আপাতত এর বেশি কিছু বলা যাবে না। খুব শিগগিরই দর্শকরা এর আপডেট জানতে পারবেন।

নির্মাতাসূত্রে জানা গেছে, সিরিজটি ওটিটি প্লাটফর্ম আই-স্ক্রিণে মুক্তি পাবে।

উল্লেখ্য, ‘রেডরাম’ ওয়েব ফিল্ম দিয়ে গত বছর ওটিটিতে অভিষেক ঘটে মেহজাবীন চোউধুরীর। এরপর ‘সাবরিনা’ ও চলতি বছরে সর্বশেষ ‘দ্য সাইলেন্স’ সিরিজে অভিনয় করে তুমুল প্রশংসিত হন। ‘আমি কী তুমি’ হতে যাচ্ছে তার তৃতীয় সিরিজ।