৫০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করলেন পল্লীচিকিৎসক

কুমিল্লার নাঙ্গলকোটে ৫০ বছরের পুরনো মানুষ চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন আবু বক্কর নামের এক পল্লীচিকিৎসক।

উপজেলার রায়কোট উত্তর ইউপির মাহিনী অলী উল্লাহ মাদ্রাসা থেকে শিবপুর আশ্রয়ণ প্রকল্প পর্যন্ত দুই কিলোমিটার কাঁচা সড়কের লক্ষ্মীপদুয়া গ্রামের ডাক্তারবাড়ির সামনে রাস্তা বন্ধ করে দিয়েছেন ওই পল্লীচিকিৎসক।

গতকাল বুধবার সরেজমিনে গিয়ে এমন চিত্র পাওয়া যায়। রাস্তাটি বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে পেরিয়া ও রায়কোট উত্তর ইউপির এ রাস্তা দিয়ে চলাচলকারী শত শত মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহিনী অলী উল্লাহ মাদ্রাসা থেকে শিবপুর আশ্রয়ণ প্রকল্প পর্যন্ত দুই কিলোমিটার কাঁচা সড়কটি দিয়ে রায়কোট-পেরিয়া ইউপির শত শত লোকজন ৫০ বছরের অধিক সময় ধরে চলাচল করে। রাস্তার দুপাশে গড়ে উঠেছে দেড় শতাধিক পরিবারের জনবসতি। রয়েছে স্কুল-মাদ্রাসা প্রতিষ্ঠানও। গত সোমবার ভোরে পল্লীচিকিৎসক আবু বক্কর টিনের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেন।

এ বিষয়ে বৃদ্ধ হাজী আলী আশ্রাফ বলেন, তিনি এ রাস্তা দিয়ে ৫০ বছর ধরে চলাচল করেন। তখন সরু পথ ছিল। এক যুগ ধরে সরকারিভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কয়েক দফা সংস্কার করায় রাস্তাটি বড় হয়। আবু বক্কর রাস্তার পাশে বাড়ি করে। হঠাৎ করে সে জায়গা দাবি করে গত সোমবার ভোররাতে টিন দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এ বিষয়ে অভিযুক্ত আবু বক্কর বলেন, রাস্তার উভয় পাশে আমার জায়গা। আমার জায়গা আমি বন্ধ করছি। তাতে কার কি?

সাবেক ইউপি সদস্য নূরুল ইসলাম বলেন, আমার সময়ে বিশেষ বরাদ্দ দিয়ে দুবার রাস্তাটি বেঁধে দিই। মেম্বারের দায়িত্ব ছেড়েছি তিন মাস হয়। হুট করে আবু বক্কর রাস্তাটি বন্ধ করে দেয়। তারা কোনো দরবার মানে না।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ পাঠিয়ে রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।