হাওরে ধান কাটলেন তিন মন্ত্রী

সুনামগঞ্জের হাওরে বোরো ধান কেটে ধানকাটা উৎসবের উদ্বোধন করলেন তিন মন্ত্রী।

গতকাল বুধবার দুপুরে ধানকাটা  উৎসবে যোগ দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও উপ-মন্ত্রী এনামুল হক শামীম।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, প্রতি বছর হাওরে আগাম বন্যার কারণে কৃষকদের ধান ঘরে তোলার আগেই তলিয়ে যায়। তবে এবার বোরো ধানের ফলন ভালো হয়েছে। এরই মধ্যে হাওরের ৩০ শতাংশ ধান কাটা হয়েছে। এ বছর ধানের যে দাম নির্ধারণ হয়েছে তা থেকে কৃষকরা অনেক লাভবান হবেন।

মন্ত্রী বলেন, যে বছর হাওরের ধান হয়, সে বছর সারা দেশের মানুষ খেতে পারেন। আর যে বছর হাওরের ধান তলিয়ে যায়, সে বছর খাদ্যের সংকট দেখা দেয়। এবার বন্যার আগেই হাওরের ধান ঘরে উঠে যাবে। এরই মধ্যে ১ হাজার ধান কাটার মেশিন হাওরের ধান কাটছে। বন্যার আগেই ধান কাটা শেষ হবে।