ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদকাসক্তের ছুরিকাঘাতে আলাউদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে সালটিয়া ইউনিয়নের জন্মেজয় গ্রামে ঘটনাটি ঘটে।
নিহতের স্ত্রী খুকী (৪০) বলেন, আমার স্বামী প্রায় প্রতিদিনই কয়েকজনকে সাথে নিয়ে মাদক সেবন করত। গতরাতে সাজ্জদ ও তার কয়েকজন সহযোগী আমাদের বাড়িতে এসে আমার স্বামীকে ডেকে নিয়ে বাড়ির উঠানে মাদক সেবন করছিল। আমি তখন বাড়িতেই ঘুমিয়ে ছিলাম। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ আমার স্বামী চিৎকার দিয়ে বলে 'আইলে নারে, আমারে মাইরালছে'। দ্রুত ঘর থেকে বের হয়ে স্বামীকে রক্তাক্ত অবস্থায় পাই। পরে স্বজনদের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোররাতে আমার স্বামী মারা যায়। মৃত্যুর আগে আমার স্বামী বলেছে ইলেকট্রিক ও সাপ্লাই মিস্ত্রি সাজ্জাদ তাকে ইট ও ছুরি দিয়ে আঘাত করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।