খার্তুমে পানির অভাবে ‘আবরি’ পান

সুদানে অব্যাহত আছে সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) লড়াই। বর্তমানে দেশটির রাজধানী খার্তুমে যে তীব্র লড়াই চলছে, তার ফলে সেখানে বিঘ্নিত হচ্ছে পানি সরবরাহ। একই সঙ্গে বিদ্যুৎ এবং খাদ্য সরবরাহেও সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন শহরের বাসিন্দারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে, খার্তুমের উত্তরে বাহরি এলাকায় পানি সরবরাহের প্রধান পাম্পিং স্টেশনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বিপাকে পড়েছেন বাসিন্দারা।

হিন্দ নামের স্থানীয় একজন বাসিন্দা জানান, পানির সরবরাহ ঘন ঘন বিঘ্নিত হচ্ছে। তাই তিনি ও তার পরিবার পিপাসা মেটাতে ‘আবরি’ পান করছেন। আবরি হচ্ছে ভুট্টা দিয়ে তৈরি এক ধরনের পানীয়, যেটি সাধারণত লোকে রমজান মাসে পান করে।

হিন্দ আরও জানান, তার এলাকার সব দোকানপাট বন্ধ। কেবল কিছু বেকারি খোলা আছে। তবে এসব বেকারিতে আর অল্প পরিমাণ ময়দা অবশিষ্ট আছে।

সুদানে গত ১৫ এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে লড়াই চলছে। এতদিন দেশটিতে ক্ষমতা ভাগাভাগি করে সরকার চালাচ্ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফের প্রধান মোহাম্মদ হামদান দাগালু।

এই দুজনের ক্ষমতার দ্বন্দ্বেই শুরু হয়েছে দুই বাহিনীর মধ্যে লড়াই। দেশটিতে এ পর্যন্ত ২৭০ জনের বেশি নিহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে খার্তুমের মার্কিন দূতাবাস।