অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৪৫ হাজার টাকা জরিমানা

রাজধানীতে ফিটনেস ও রুট পারমিটবিহীন গাড়ি চলাচল এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ীতে বিভিন্ন পরিবহনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল বৃহস্পতিবার যাত্রাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। এ সময় র‌্যাব-১০ এর একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে। মাজহারুল ইসলাম বলেন, ফিটনেস না থাকা এবং রুট পারমিট না থাকার অভিযোগে বেশ কয়েকটি গাড়িকে জরিমানা করা হয়েছে। এছাড়া ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগেও  কয়েকটি পরিবহনকে জরিমানা করা হয়। এ ধরনের অভিযান চলমান থাকবে।

র‌্যাব জানায়, সায়দাবাদ বাস টার্মিনাল, ডেমরা, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, শ্যামপুর, ওয়ারী, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং মাওয়া ঘাট এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে নিয়মিত টহল, মোটরসাইকেল পেট্রোলে নিরাপত্তা ডিউটি জোরদার করা হয়েছে।