রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে হজরত শাহ মখদুম (রহ.)-এর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়। তবে বৃষ্টি হলে বা আবহাওয়া প্রতিকূল থাকলে একই সময় ঈদের প্রধান জামাত হবে হজরত শাহ মখদুম (রহ.)-এর দরগা জামে মসজিদে। আর সেই ক্ষেত্রে মানুষ বেশি হলে ৪৫ মিনিটের ব্যবধানে দরগা মসজিদে পরপর ঈদের দ্বিতীয় ও তৃতীয় জামাত হবে।
গতকাল বৃহস্পতিবার রাজশাহীর ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া শাহ মখদুম (রহ.) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ শাহাদাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। ঈদ জামাত সম্পর্কে জানতে চাইলে মুফতি মোহাম্মদ শাহাদাত আলী বলেন, কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে তিনি নিজেই ইমামতি করবেন। তাকে সহযোগিতা করবেন মহানগরীর হেতমখাঁ বড় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা ইয়াকুব আলী এবং রাজশাহী শাহ মখদুম কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ।
এদিকে রাজশাহীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাতও হবে সকাল ৮টায় মহানগর ঈদগাহে (টিকাপাড়া)। বৃষ্টি হলে একই সময় পাশেই থাকা টিকাপাড়া মোহাম্মপুর জামে মসজিদ কমপ্লেক্সে ঈদের জামাত হবে।