জব্বারের বলীখেলা নিয়ে ‘থিম সঙ’-এর মোড়ক উন্মোচন

কক্সবাজারের কবি আসিফ নূরের কথা ও সুরে তৈরি হওয়া ‘জব্বার মিয়ার বলী খেলা’ গানটি চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলীখেলা ও বৈশাখী  মেলার থিম সঙ ঘোষণা করা হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন কক্সবাজারের আরেক শিল্পী আলাউদ্দিন তাহের। গত বুধবার বিকেলে চট্টগ্রামের পাবলিক লাইব্রেরিতে আয়োজিত অনুষ্ঠানে ট্রফি ও থিম সঙের মোড়ক উন্মোচন করা হয়। এতে উদ্বোধক ছিলেন চট্টগ্রামের সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র (১) আবদুস সবুর লিটন।

আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি ও কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ও আবদুস সালাম, সাবেক কাউন্সিলর ও বলীখেলা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, কমিটির সাধারণ সম্পাদক ও জব্বার মিয়ার নাতি শওকত আনোয়ার বাদল, সাংবাদিক চৌধুরী ফরিদ, নজরুল ইসলাম, গীতিকার ও সুরকার কবি আসিফ নূর, শিল্পী আলাউদ্দিন তাহের, শিল্পী জাভেদ নূর, অ্যালোহা চট্টগ্রাম প্রধান আসাদুজ্জামান উজ্জ্বল প্রমুখ।

কবি আসিফ নূর জানান, ‘ইতিপূর্বে আমার লেখা গান নচিকেতা, এন্ড্রু কিশোর, মনির খানসহ আরও অনেকেই গেয়েছেন। তবে সুরকার হিসেবে আত্মপ্রকাশ করলাম এবার। প্রথম চান্সেই জব্বার মিয়ার বলী খেলার থিম সঙের সম্মান অর্জন। এই আমার জন্য গৌরবের।’ প্রসঙ্গত, এবার ১১৪তম ঐতিহাসিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা আগামী ২৪-২৬ এপ্রিল পর্যন্ত চলবে।