রাজধানী ঢাকাসহ সারা দেশে টানা কয়েক দিন ধরে দাবদাহ বয়ে যাচ্ছিল। তবে অবশেষে রাজধানীতে বৈশাখের প্রথম বৃষ্টির দেখা মিলেছে।
শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। টানা তাপপ্রবাহের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি এসেছে জনজীবনে।
বৃষ্টির কারণে তীব্র গরম কিছুটা হলেও কমবে বলে মনে করছেন রাজধানীবাসী। তবে বৃষ্টির পরিমাণ ছিল খুবই কম।
এদিকে, ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।
আগামী তিনদিনে সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। ঢাকা বিভাগসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, দিনাজপুর, মৌলভিবাজার, রাঙামাটি, বান্দরবান ও ভোলা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ও আজকের সর্বনিম্ন তাপমাত্রায় বলা হয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে যার বাড়তি অংশ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩১ মিনিটে।