দেশের আটটি বিভাগেই কম-বেশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ফলে আজ সারা দেশে দিনের তাপমাত্রা দুই ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, এখনও ২২টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আজ রবিবার (২৩ এপ্রিল) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজশাহী, পাবনা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, পটুয়াখালী ও ভোলা জেলা এবং খুলনা বিভাগের ১০টি জেলাসহ মোট ২২টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ ছাড়া পরবর্তী তিন দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও মোংলায় ৩৮.০ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া খুলনায় ৩৭.৮, সাতক্ষীরায় ৩৭.৮, রাজশাহী ও চুয়াডাঙ্গায় ৩৭.৫, কুমারখালীতে ৩৭.২, ফরিদপুর ৩৬.৮, পোগালগঞ্জ ৩৬.৫, ঢাকা ও ভোলায ৩৬.২, ফেনী, চাঁদপুর ও ঈশ্বরদীতে ৩৬.০ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকা ও বরিশালে ১ মিলিমিটার ও বগুড়া ও সাতক্ষীরায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।