গত বছরের অক্টোবরের দিকে বিয়ের পিঁড়িতে বসেন মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম ও গায়ক প্রীতম হাসান। বিয়ের পর দুজনের একসঙ্গে এটাই প্রথম ঈদ। ঈদের দিন দুপুর পর্যন্ত স্টুডিও থেকে স্বামীর ফেরার অপেক্ষায় ছিলেন শেহতাজ।
অপেক্ষার পালা শেষ করে দুপুর তিনটার পর শ্বশুরবাড়িতে আসেন গায়ক। এসময় শেহতাজ ভেবেছিলেন প্রীতম এলেই আগে ঈদের সেলামি চাইবেন। কিন্তু শেহতাজকে অবাক করে দিয়ে চাওয়ার আগেই ঈদ সেলামি দিয়েছেন প্রীতম, তাও আবার পঞ্চাশ হাজার টাকা।
শেহতাজ মুনিরা হাশেম বলেন, ‘আমাদের যখন সম্পর্ক শুরু হয়, তখন থেকেই ঈদে সেলামি পাই। প্রীতম ঈদে দেখা করতে এসে আমাকে সেলামি দিত। বিয়ের পরে এবার দেবে কি না জানতাম না। দুপুরে বাসায় এসেই ঈদ সেলামি দিয়েছে।’
শেহতাজ আরও বলেন, ‘যখন প্রেম ছিল, তখন আরও বেশি টাকা সেলামি পেয়েছি। এবার সে ৫০ হাজার টাকা সেলামি দিয়েছে। কত দিয়েছে, সেটা ম্যাটার না। এটা ভালোবাসা। সে যে আমার সঙ্গে এই ভালোবাসা দেখিয়েছে, সেটাই আমার ঈদের আনন্দ।’
পাঁচ বছর আগে প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওর মডেল ছিলেন শেহতাজ। এসময় তাদের দুজনের মধ্যে ভালো লাগা তৈরি হয় এরপর প্রেম। পাঁচ বছর প্রেমের পর গত বছর বিয়ে করেন তারা।