ক্রিকেটে শচিন টেন্ডুলকার নামটা বিস্ময়ের। অসম্ভবকে তিনি করেছেন সম্ভব। তার ব্যাটেই ক্রিকেট বিশ্ব দেখেছে সেঞ্চুরির সেঞ্চুরি। রেকর্ডে এখনও তিনিই একমাত্র। তবে তাকে দেখেই এই পথ অনুসরণ করে চলেছেন বিরাট কোহলি। আজ সেই শচিন পূরণ করেছেন জীবনের অর্ধশতক।
অথচ এক দিনের ক্রিকেটের শুরুটা শচিনসুলভ ছিল না। প্রথম দু’টি ম্যাচেই শূন্য রানে আউট হয়েছিলেন। প্রথম শতরান এসেছিল ৭৯তম ম্যাচে, ৭৬তম ইনিংস! প্রথম শতরানের পরের তিনটি ইনিংসে আবার টানা শূন্য!
তত দিন পাঁচ দিনের ক্রিকেটে শচিনের সাতটি শতরান হয়ে গিয়েছিল। এক দিনের ক্রিকেটে কাঙ্খিত সাফল্য পেতে তার দীর্ঘ সময় নেওয়াটাও ক্রিকেট বিশ্বের আর এক বিস্ময়। আলোচনা, সমালোচনা, কাটাছেঁড়া, বিশ্লেষণ কম হয়নি তাকে নিয়ে। ভারতীয় ক্রিকেটে মুম্বাই লবির প্রভাবের কথাও বলেছেন অনেক সমালোচক। তবু শচিন শুধুই এগিয়েছেন। থেমেছেন ১০০টি শতরান করে!
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার ও বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বলেছিলেন, ‘সচিনকে দেখে আমার এক জন অভিজ্ঞ সেনা আধিকারিকের মতো মনে হয়। যার বুকে অনেক পদক রয়েছে। যিনি সারা বিশ্বের বোলারদের জয় করেছেন।’