সুদানের দূতাবাস বন্ধ করে দিল সুইজারল্যান্ড

নিরাপত্তাজনিত কারণে সুদানের রাজধানী খার্তুমের দূতাবাস বন্ধ করে দিয়েছে সুইজারল্যান্ড। দূতাবাসের কর্মী ও তাদের পরিবারকেও সরিয়ে নিয়েছে দেশটি। মাইক্রো ব্লগিং সাইট টুইটারে এক পোস্টে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে রবিবার গভীর রাতে সুইস পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস এক টুইটে খার্তুমের দূতাবাসের কর্মী ও তাদের পরিবারকে সরিয়ে নেওয়ার কথা জানান।

সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাসের সাতজন কর্মী এবং তার সঙ্গে থাকা পাঁচজনকে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে দুই জনকে প্রতিবেশী ইথিওপিয়া যাওয়ার পথে এবং বাকিদের ফ্রান্সের সহায়তায় জিবুতিতে সরিয়ে নেওয়া হয়।

সুইস পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের অংশীদারদের ধন্যবাদ জানাই। বিশেষ করে ফ্রান্সকে। তাদের সহযোগিতার জন্যই কাজটি সম্ভব হয়েছে।

এর আগে শুক্রবার দেশটি সুদানে প্রায় ১০০ জন সুইস নাগরিক রয়েছে বলে জানায়। অন্যরা পর্যটক হিসেবে সে দেশ পরিদর্শন করছে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের লড়াই সুদানে মানবিক সংকট সৃষ্টি করেছে। সপ্তাহব্যাপী এই লড়াইয়ে ইতোমধ্যে ৪২০ জন মারা গেছে। এছাড়া দেশটির লাখ লাখ মানুষ মৌলিক সেবাপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে।