সড়ক দুর্ঘটনায় বন্ধুর মৃত্যু পরে যুবকের আত্মহত্যা!

রাজধানীর গুলিস্তান হানিফ ফ্লাইওভারের কাছে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন মোটরসাইকেল আরোহী নওশীন আক্তার (২১)। এ সময় মোটরসাইকেল চালাচ্ছিলেন তার বন্ধু রাহাত হোসেন আসিফ (২৫)। বন্ধুর মৃত্যুর দুদিন পরে আত্মহত্যা করেছেন ওই যুবকও। গত রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানের বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, বন্ধুর মৃত্যুর শোক সইতে না পেরে আসিফ আত্মহত্যা করেছেন তিনি। গত শুক্রবার রাত ৯টার দিকে ট্রাকের চাপায় নিহত হন নওশীন। তিনি বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। নওশীন তার বন্ধু রাহাতের সঙ্গে মোটরসাইকেলে করে খিলগাঁও তিলপাপাড়া থেকে ঈদের কেনাকাটা করতে ওয়ারীর দিকে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন। পরে দুর্ঘটনার বর্ণনা দিয়ে রাহাত হোসেন আসিফ বলেন, সামনে একটা সিএনজি ছিল এবং পাশে একটি বাস ছিল। সড়কও কিছুটা ফাঁকা ছিল। পেছন থেকে দেখতেও পাচ্ছিলাম একটি ট্রাক আসছে। কিন্তু সেটি গতি না কমিয়ে আমাদের মোটরসাইকেলের ওপর উঠিয়ে দিয়েছে। আমাদের আর করার কিছু ছিল না। এই যুবক আক্ষেপ করে বলেন, ট্রাকের চালক ইচ্ছে করলেই গতি কমাতে পারতেন। যদি গতি কমাত তাহলে আমার বন্ধুর মৃত্যুর ঘটনা ঘটত না। আর আমাকেও আহত হয়ে বিছানায় শুয়ে থাকতে হতো না।

মতিঝিল থানার এস আই দেলোয়ার হোসেন বলেন, ট্রাকটিকে জব্দ করা হয়েছে, চালককেও আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে খতিয়ে দেখা হচ্ছে।