কিশোরগঞ্জ ও দিনাজপুরের দুটি বিশাল ঈদ জামাত

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লাখো মুসল্লির সমাগমে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় এবারও দেশের বৃহৎ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ মাঠের রেওয়াজ অনুযায়ী বন্দুকের ফাঁকা গুলির শব্দের মাধ্যমে গত শনিবার সকাল ১০টায় জামাত শুরু হয়। দেশ ও দেশের বাইরে থেকে আসা কয়েক লাখ মুসল্লির এ জামাতে ইমামতি করেন মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। 

শোলাকিয়ায় এবার অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল ফিতরের ১৯৬তম জামাত। ২০১৬ সালের ঈদুল ফিতরের দিনে অপ্রত্যাশিত হামলার বিষয়টি মাথায় রেখে এবারও মাঠে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। মুসল্লিদের যাতায়াতে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা ছিল।

অপরদিকে, দিনাজপুরে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ গোর-এ শহীদ বড় ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজে ছয় লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেছেন বলে আয়োজকরা দাবি করেছেন। এ জামাতে ইমামতি করেন জেনারেল হাসপাতাল জামে মসজিদের ইমাম শামসুল হক কাসেমী। নামাজে অংশ নেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি প্রমুখ।