১৫ স্যুটকেস নিয়ে বার্সেলোনায়!

লিওনেল মেসির বার্সেলোনা ক্লাবে সম্ভাব্য ফেরা নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। পিএসজির সঙ্গে জুনে চুক্তি শেষ হওয়ার পর নতুন চুক্তি সই না করলে তিনি ফিরবেন বার্সেলোনাতেই এমনটি ভাবা হচ্ছে। এর মধ্যেই গোপনে মেসি বার্সেলোনায় পা রেখেছেন বলে নিশ্চিত করেছেন স্প্যানিশ সাংবাদিক জেরার্ড রোমেরো। মেসি নাকি বার্সেলোনায় গেছেন ১৫টি স্যুটকেস নিয়ে!

মেসি বার্সেলোনার এল প্রাত বিমানবন্দর ছেড়েছেন খুব গোপনে। বিমানবন্দরের পেছন দরজা দিয়ে। ভক্তদের ভিড় এড়াতে সেটি তিনি করতেই পারেন, তবে ১৫টি স্যুটকেস নিয়ে বার্সেলোনায় যাওয়াটা স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর কাছে বেশ রহস্যজনক। স্যুটকেসের পরিমাণ ও আকার নিয়ে চলছে নানা গুঞ্জন। স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে, মেসি শনিবার এল প্রাতে পৌঁছান। সঙ্গে তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো আর তিন ছেলেও আছে। একই সঙ্গে ছিলেন মেসির দীর্ঘদিনের সহযোগী ও আর্জেন্টাইন তারকার ‘ডান হাত’ বলে পরিচিত পেপে কস্তা। কস্তাকে নাকি স্যুটকেসগুলো পাহারা দিতে দেখা গেছে। আরেক খবরে বলা হয়েছে বার্সেলোনা মেসিকে দুই বছরের চুক্তিতে সই করার প্রস্তুতি নিচ্ছে। ২০২১ সালের আগস্টে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি।