আয়ারল্যান্ডের টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন কেভিন ও'ব্রায়েন। তাদের চতুর্থ টেস্টে ক'দিন আগে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে সেঞ্চুরি করেন লরকান টাকার। আর শ্রীলঙ্কার বিপক্ষে ষষ্ঠ টেস্টে এক ইনিংসেই সেঞ্চুরি করেছেন দুই আইরিশ- পল স্টার্লিং আর কার্টিস ক্যাম্ফার।
দুই সতীর্থকে সেঞ্চুরির কাছে গিয়ে ব্যর্থ হতে দেখেন স্টার্লিং। অধিনায়ক অ্যান্ডি বালবার্নি ফিরেছেন ৯৫ করে। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিয়ান লরকান টাকার ফিরেছেন ৮০ রানে। তবে স্টার্লিং ভড়কে যাননি। ৯৭ থেকে ছক্কা মেরে প্রথম টেস্ট সেঞ্চুরি করেছেন। পরে ক্যাম্ফার বাউন্ডারি মেরে পৌঁছে যান তিন অংকে। টেস্টে প্রথমবার চারশো পেরোনো আয়ারল্যান্ড রয়েছে পাঁচশো রানের পথে।