পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘দেশে পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় আগুন লাগানো হচ্ছে। আগুন লাগিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা চলছে। যারা দেশ ও জনগণের জানমালের ক্ষতি করতে চায় এমন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। এরা দেশ ও জাতির শত্রু।’ গতকাল মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের সব মানুষের পাশাপাশি বড়লেখা ও জুড়ীর সাধারণ মানুষ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঙ্গে আছে এবং থাকবে। উন্নয়নে বিশ্বাসী বলেই দেশ এগিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।