বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা উত্তোলন শুরু

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির ১১১৩ ফেস থেকে গতকাল মঙ্গলবার কয়লা উত্তোলন শুরু হয়েছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা প্রথম শিফটে পরীক্ষামূলকভাবে দৈনিক ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টন উত্তোলন করা হয়। এ ফেস থেকে আগস্ট মাস পর্যন্ত কয়লা উত্তোলিত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার জানিয়েছেন, এখন থেকে দৈনিক ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টন কয়লা উত্তোলিত হবে। ১১১৩ ফেসের কয়লা উত্তোলন লক্ষ্যমাত্রা ৩ লাখ টন রয়েছে।

২০২২ সালের গত ৪ জুলাই ফেসটির রাস্তার উন্নয়নকাজ শুরু হয়। রোডওয়ে উন্নয়নকালীন বেল্টগেট এবং ওপেন অব কাট রোডওয়েতে অনাকাক্সিক্ষতভাবে পরপর দুটি বড় ধরনের রুফল সংঘটিত হয়। ফলে বিসিএমসিএল ও চীনা কনসোর্টিয়াম ১১১৩ ফেস তথা খনির সার্বিক নিরাপত্তার বিষয় বিবেচনা করে আগের ডিজাইন পরিবর্তন করে প্রায় ৯০ মিটার দৈর্ঘ্যরে নতুন ওপেন অব কাট নির্মাণকাজ শুরু করে।

এমডি প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার জানান, উত্তোলিত সমুদয় কয়লা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হবে।