বরিশালে সড়ক দুর্ঘটনায় কৃষক দলের আহ্বায়ক নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহানগর কৃষক দলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা জিয়াউল হাসান শামীম (৫১) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে বরিশাল নগরীর কাশিপুর সুরভী পেট্রলপাম্পসংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে।

শামীম নগরের চৌমাথা এলাকার মৃত আবুল কাশেম ব্যাপারীর ছেলে। তিনি দুই সন্তানের জনক।

এদিকে বরিশালের আগৈলঝাড়ায় বাশাইল-মাগুরা সড়ক ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মাগুরা বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

নিহত লিটন মিয়া (৫৮) মাদারীপুর জেলার মৃত দলিল উদ্দিন মিয়ার ছেলে। তিনি পেশায় কাঠ ব্যবসায়ী। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে জানে আলম মিয়া (১৮)।

নিহতের ভাই রিপন মিয়া জানান, সকালে কাঠ কেনার উদ্দেশ্যে তার ভাই লিটন ও ভাইয়ের ছেলে জানে আলম মোটরসাইকেলে বাটাজোড় যান। সেখান থেকে আগৈলঝাড়া হয়ে মাগুরা সড়কে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।