মৌলভীবাজারের কমলগঞ্জের রাজকান্দি বনের ভেতরে হামহাম জলপ্রপাত সড়কের সুনারায় বাঁশ বাগান এলাকায় আগুন লেগেছে। গত সোমবার বিকেলে গহিন বনের ভেতরে আগুনের এ ঘটনা ঘটলে রাতে কিছু পর্যটক বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানান। আগুনে বনের সরু সড়কের পাশের বাঁশ বাগানসহ প্রায় তিন একরের বিভিন্ন ধরনের গুল্মলতা ও উদ্ভিদ পুড়ে যায়।
গত সোমবার রাতে হামহাম জলপ্রপাতে ঘুরতে যাওয়া কয়েকজন পর্যটক জানান, হামহাম জলপ্রপাতে যাওয়া-আসার পথে বনের প্রচুর জায়গায় আগুন লেগেছে। এ কারণে রাস্তা দিয়ে আসা যাচ্ছিল না। আগুন নেভানোর পর সন্ধ্যার পর বন থেকে বেরিয়ে আসতে হয়েছে। আগুনে অনেক গাছের গুঁড়ি (মোথা) পুড়ে গেছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে হামহাম জলপ্রপাতে যাওয়ার সড়কের বাঁশ বাগানে আগুন লাগার খবর মিলে। দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বেশ কিছু বাঁশ পুড়ে গেছে। তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।
রাজকান্দি বনের কুরমা বনবিট কর্মকর্তা বিপ্লব হোসেন বলেন, ‘বনে আগুন লাগার খবর পেয়ে বনকর্মীদের নিয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন নেভানো হয়। আগুনে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।’ বনের গাছ পাচারের আলামত নষ্ট করতে এ আগুন কি নাÑ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঈদের দুদিন আগে এখানে যোগ দিয়েছি। এখনো পুরো বন চেনাই হয়নি। এমনটা হলে তদন্ত করে দেখা হবে।’
বনে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে গতকাল মঙ্গলবার দুপুরে রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ‘কীভাবে বনে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। এখনো ঘটনাস্থল সরেজমিন দেখা হয়নি।’
তবে সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম গতকাল দুপুরে দেশ রূপান্তরকে বলেন, ‘বনে আগুন লাগার বিষয়টি আমাকে কেউ জানায়নি। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’