বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তবুও লা লিগার শিরোপা জয়ের স্বপ্ন দেখছিলেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। তবে জিরোনার বিপক্ষে কাল রাতের পরাজয়ের পর রিয়ালের প্রদীপের শেষ আলোটুকুও নিভে গেছে। ৭ ম্যাচ হাতে রেখে ১৪ পয়েন্টে পিছিয়ে থাকার পর আনচেলত্তি শুধু অলৌকিক কোনো কিছুর প্রত্যাশাই করতে পারেন।
পরিস্থিতি যে পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তা আনচেলত্তিও বুঝে গেছেন। জিরোনার কাছে হারের পর তাই ক্ষমাও চাইলেন রিয়াল কোচ। দলের এমন বিপর্যয়ে হতাশ আনচেলত্তি বলেন, ‘এই ম্যাচ মাদ্রিদকে বোঝায় না। আমরা ক্ষমা চাইছি। তবে আমাদের অবশ্যই সামনে তাকাতে হবে।’
লা লিগায় শিরোপা ধরে রাখার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জিরোনা ম্যাচটি রিয়ালের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। তবে ঘরের মাঠে এ মৌসুমে দুর্দান্ত খেলা জিরোনার বিপক্ষে নিজেদের সেরাটা দিতে পারেনি রিয়ালও। কেন এমন হার, ব্যাখ্যা করতে গিয়ে আনচেলত্তি বলেন, ‘আমরা আগের ম্যাচটির মতো আগ্রাসী হয়ে খেলতে পারিনি। আমাদের নিবেদনেরও যথেষ্ট অভাব ছিল। বল পায়ে আমরা ভালোই করছিলাম। কিন্তু বল পায়ে না থাকলে বেশ ফাঁকা জায়গা তৈরি হচ্ছিল।’