বরিশাল কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালের দিকে বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুরের চরসংলগ্ন কীর্তনখোলা নদীতে মরদেহটি ভেসে ওঠে। মৃত ইয়াসিন মোল্লা (১১) নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর ৮ নম্বর গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা মো. বেল্লাল মোল্লার ছেলে।
এ বিষয়ে বরিশাল সদর নৌ থানার ওসি আ. জলিল বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এবং তাদের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সদর নৌ থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি। গত মঙ্গলবার দুপুরে কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ইয়াসিন। পরে অনুসন্ধান চালিয়েও তাকে আর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছিলেন ফায়ার সার্ভিসের ডুবুরি মো. বেল্লাল হোসেন।