জনপ্রিয় সংগীততারকা নাজমুন মুনিরা ন্যান্সির নিজ বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি হয়েছে। এ ঘটনায় গুলশান থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
ন্যান্সি জানান, ঈদের আগেই ওয়্যারড্রব পরিষ্কার করতে গিয়ে দেখি স্বর্ণের জিনিসপত্র নেই। আমার ধারণা এটা কাজের মেয়েরা চুরি করেছে। স্বর্ণ চুরির সময় জাতীয় পুরস্কারের মেডেল ছিল, সেটাও নিয়ে গেছে।
ন্যান্সি বলেন, ‘ চুরি যাওয়া জিনিসের মধ্যে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বর্ণপদক, মেয়ের গলার সোনার দুটি চেইন এবং দুটি কানের দুল, স্বর্ণের আংটি, লকেট। তবে ডায়মন্ডের জিনিস খোয়া যায়নি। এটাকে চুরি বলছি এ কারণে কেউ যদি বাইরে থেকে নিতে আসতো তাহলে ডাকাতি হতো। এটা গোপনে চুরি করা হয়েছে।’
ইতোমধ্যে তাহমিনা নামের একজন গৃহকর্মী ও তার স্বামীকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই গায়িকা।
প্রজাপতি সিনেমার গানের জন্য ন্যান্সি এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পদক পেয়েছিলেন।