তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট’স একাদশকে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
কলম্বোর পি সারা ওভারে বৃহস্পতিবার অল্প পুঁজি নিয়েও ২৭ রানের জয় তুলে নেয় সফরকারীরা। ১১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩.৪ ওভারে ৮৯ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট’স একাদশ।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েরা তেমন সুবিধা করতে পারেনি। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। ৪২ রানে ৬ উইকেট হারানো দলকে শেষ দিকে পথ দেখান সুলতানা খাতুন ও জাহানারা আলম।
দশ নম্বরে নেমে সুলতানা খাতুন ৬০ বলে সর্বোচ্চ ৩২ রান করেন ২ চার ও ১ ছক্কায়। ১১নম্বরে নামা জাহানারা আলম ৩৮ বলে ১৬ রানে অপরাজিত থাকেন।
এছাড়া সাত নম্বরে নামা রিতু মনি ৩১ বলে ১৭ রান করেন। সুবাদে ৩৮.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১১৬ রানের পুঁজি গড়ে বাংলাদেশের মেয়েরা।
জবাবে বাংলাদেশের বোলারদের তোপে ৩৩.৪ ওভারে ৮৯ রানে অলআউট হয় স্বাগতিক মেয়েরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন উমাশা থিমেশানি।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন ফাহিমা খাতুন। ২টি করে উইকেট নিয়েছেন দিশা বিশ্বাস ও নাদিয়া আক্তার।
একই ভেন্যুতে ওয়ানডে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল, ২ মে ও ৪ মে। এরপর লঙ্কান মেয়েদের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।