পারমাণবিক অস্ত্রের মাইলফলক চুক্তিতে যুক্তরাষ্ট্র-দ.কোরিয়া

উত্তর কোরিয়ার কাছ থেকে দিন দিন বাড়তে থাকা পরমাণু হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া নতুন একটি মাইলফলক চুক্তিতে পৌঁছেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, নতুন এ চুক্তির আওতায় ওয়াশিংটন পর্যায়ক্রমে দক্ষিণ কোরিয়ায় তাদের পরমাণু অস্ত্রসজ্জিত সাবমেরিন মোতায়েন করবে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্র নিজেদের পারমাণবিক পরিকল্পনা কার্যক্রমের অংশীদার করে নেবে। বিনিময়ে সিউল তাদের নিজস্ব পরমাণু অস্ত্র উন্নয়ন কাজ থেকে বিরত থাকবে। ওয়াশিংটন-সিউলের এ পদক্ষেপ উত্তর কোরিয়ার আক্রমণ প্রতিরোধে মিত্রদের সহযোগিতা জোরদারের নজির বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দ্বিপক্ষীয় সম্পর্কের ৭০ বছর পূর্তি উপলক্ষে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োলের ওয়াশিংটন সফরে এই ঘোষণা এলো। চুক্তিটির আনুষ্ঠানিক নাম ওয়াশিংটন ডিক্লারেশন। গত বুধবার হোয়াইট হাউজে বৈঠকে অংশ নেন দুদেশের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইয়ুন সুক ইওল। এ বৈঠকে পরমাণু অস্ত্র সংক্রান্ত এ ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন হুঁশিয়ারি দেন, পরমাণু হামলা চালালে উত্তর কোরিয়ার নেতৃত্বকে ক্ষমতা থেকে ছুড়ে ফেলা হবে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, এটি মিত্রদের রক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকারেরই অংশ।