নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবিতে ওসানা (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় বাল্কহেডের চালকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিখোঁজ ওসানা সোনারগাঁ উপজেলার পোড়াব এলাকার আবু সাইদের মেয়ে।
এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। এদিকে, নিখোঁজের ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি ডুবুরি দল।
নিখোঁজ শিক্ষার্থীর বাবা আবু সাইদ জানান, তার মেয়ে ওসানা রূপগঞ্জ উপজেলার পোড়াব এলাকায় নানার বাড়িতে থেকে পূর্বাচলের জলসিঁড়ি শেখ রাসেল ক্যান্টনমেন্ট স্কুলে ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করছে। ঈদ উপলক্ষে তারাও রূপগঞ্জে তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। গত বুধবার বিকেল তিনটার দিকে তারা দুই পরিবারের ৯ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘাট দিয়ে নৌকাযোগে নদী পার হচ্ছিলেন। এ সময় বালুবাহী একটি বাল্বহেড নৌকাটিকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়।