১৩ বছরে সহায়তা পেয়েছেন পৌনে ৯ লাখ মানুষ

আজ জাতীয় আইনগত সহায়তা দিবস। অসহায়, দরিদ্র ও নির্যাতিতদের নিখরচায় আইনি সহায়তা (লিগ্যাল এইড) দিতে ২০০০ সালে ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন’ প্রণয়ন করে সরকার। ২০১৩ সাল থেকে প্রতি বছর ২৮ এপ্রিল দিবসটি উদযাপিত হয়ে আসছে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন ২০০০’-এর মাধ্যমে সমাজের হতদরিদ্র ও অসচ্ছল জনগোষ্ঠী বর্তমানে সরকারি খরচে আইনগত সহায়তা পাচ্ছে, যা বিচারব্যবস্থায় সবার অভিগম্য নিশ্চিত করছে। সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের আওতাধীন মামলাগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য রাষ্ট্রপতি বিচারক-আইনজীবীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, দেশের জনগণকে বিনা খরচে সরকারি আইনগত সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে, যা আদালতসমূহে মামলাজট হ্রাস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে রাজধানীসহ সারা দেশের জেলাগুলোতে নানা কর্মসূচি পালন করা হবে। সকাল ১০টায় রাজধানীর ১৪ আবদুল গণি রোডে নিবন্ধন অধিদপ্তরের সামনে থেকে বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত একটি র‌্যালি অনুষ্ঠিত হবে।

এ ছাড়া জেলাপর্যায়ে র‌্যালি, আলোচনা সভা, লিগ্যাল এইড মেলা, ম্যাগাজিন/স্যুভেনির/দেয়ালিকা প্রকাশ, প্রচার ও প্রকাশনা সামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র থাকছে।

১৩ বছরে উপকারভোগী পৌনে ৯ লাখ : ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ উপলক্ষে সংস্থার পক্ষে ২০০৯ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত কার্যক্রমের বিবরণ-সংবলিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ১৩ বছরের কিছু বেশি সময়ে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে আইনি পরামর্শ ও আইনি সহায়তাপ্রাপ্ত উপকারভোগী হলেন ৮ লাখ ৭৯ হাজার ৯২৯ জন। সংস্থাটি দেশব্যাপী আইনি সহায়তা কার্যক্রমের আওতায় ২০০৯ সাল থেকে ৩ লাখ ৫৩ হাজার ৬৫৬ জনকে আইনি সেবা দিয়েছে। একই সময়কালে সংস্থাটি ৮২ হাজার ৫৮৮টি বিরোধ/মামলা বিকল্পবিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে নিষ্পত্তি করে মামলা বা বিরোধের ক্ষতিগ্রস্ত পক্ষকে ১৩৪ কোটি ৯০ লাখ ৬ হাজার ৪৯৮ টাকা আদায় করে দিয়েছে। আইনগত সহায়তার মাধ্যমে এ সময় ১ লাখ ৭২ হাজার ৯৭৮ মামলা নিষ্পত্তি করেছে।  ২০১৫ সালে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি প্রতিষ্ঠিত হওয়ার পর আইনগত পরামর্শ নিয়েছেন ২৩ হাজার ৫২ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ২৫ জন ও নারী ৯ হাজার ২৫ জন। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে ১৩ বছরে সুপ্রিম কোর্টে দেওয়ানি আপিল ও রিভিশন, ফৌজদারি আপিল ও রিভিশন এবং জেল আপিলসহ ২ হাজার ১১৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।