যোগ্য ব্যক্তি ছাড়া দলের প্রার্থী করা হবে না : রওশন

যোগ্য ব্যক্তি ছাড়া আগামীতে আর কাউকে দলের প্রার্থী করা হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তিনি বলেছেন, দেশজুড়ে দলকে শক্তিশালী করতে সাংগঠনিক পর্যবেক্ষণ পরিচালনার মাধ্যমে যোগ্যতার মূল্যায়নে আগামীতে প্রার্থী মনোয়ন দেওয়া হবে। কেউ নাম-ডাকের জন্য জাতীয় পার্টি করতে পারেন, কিন্তু যোগ্য ব্যক্তি ছাড়া আগামীতে আর কাউকে প্রার্থী করা হবে না। পল্লীবন্ধুর প্রকৃত সৈনিক ও ত্যাগী নেতৃত্বের হাতেই তুলে দেওয়া হবে লাঙল।

গতকাল বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের সিংগাইরে শহীদ রফিক সরণী সড়কে সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলনের বাসভবনে আধুনিক ও উন্নত মানিকগঞ্জ-২ আসন বিনির্মাণে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়ালি মতবিনিময় সভায় রওশন এরশাদ এসব কথা বলেন। দুই পর্বে অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রথম পর্বে সভাপতিত্ব করেন সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন।

বৈঠকি আড্ডায় প্রধান অতিথি বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশীদ বলেন, শিগগিরই রওশন এরশাদের নেতৃত্বে একটি বিকল্প জোটের আত্মপ্রকাশ ঘটবে। জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই। লাঙলের প্রকৃত মালিক পল্লীবন্ধুর তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন। নির্বাচনী প্রক্রিয়াকে চূড়ান্তকরণের পথে সাংগঠনিক কর্মকা- শুরু করা হয়েছে।