ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির চেয়ারম্যান রিচার্ড শার্প পদত্যাগ করেছেন। সরকারি নিয়োগবিধি লঙ্ঘন করেছেন বলে একটি স্বাধীন তদন্ত প্রতিবেদনে উঠে আসার পর গতকাল শুক্রবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।
সাবেক গোল্ডম্যান স্যাকস ব্যাংকার রিচার্ড শার্প ২০২১ সালে বিবিসির চেয়ারম্যান পদে নিযুক্ত হন। সে সময় বরিস জনসনের নেতৃত্বাধীন সরকার যুক্তরাজ্যের ক্ষমতায় ছিল। শার্পের বিরুদ্ধে অভিযোগ, বিবিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার আগে বরিস জনসনকে ১০ লাখ ডলার ঋণ পাইয়ে দিয়েছিলেন তিনি। আর নিয়োগ পাওয়ার সময় স্বার্থের দ্বন্দ্বসংক্রান্ত নথিতে সেই ঋণের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য প্রকাশ করেননি।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, ব্রিটিশ সরকার রিচার্ড শার্পকে কোন প্রক্রিয়ায় বিবিসির চেয়ারম্যান পদের জন্য নির্বাচিত করেছে, তা নিয়ে দেশটির সরকারি নিয়োগসংক্রান্ত পর্যবেক্ষক সংস্থা তদন্ত করেছে।