ভারতে জাহাজসহ দুই মাস আটকা ৯ নাবিক উদ্ধার

ভারতীয় জলসীমায় দুর্ঘটনার কবলে পড়ে দুই মাস আটকে থাকা ‘এমভি রাফসান হাবিব-৩’ নামে বাংলাদেশি একটি জাহাজসহ ৯ নাবিককে উদ্ধার করা হয়েছে। জাহাজটি উদ্ধার করে গতকাল শুক্রবার সাতক্ষীরার শ্যামনগরের নীলডুমুর ১৭ বিজিবির সদস্যরা সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান জানান, বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে গতকাল বিকেলে আটকাপড়া জাহাজ এবং এর নাবিকদের শ্যামনগর জলসীমান্ত এলাকা দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি জাহাজটি ভারতীয় জলসীমায় গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। সেই থেকে টানা দুই মাস ভারতে আটকা ছিলেন জাহাজটিতে থাকা ৯ নাবিক।

উদ্ধার হওয়া নাবিকরা হলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাঁশখালী গ্রামের আবুল কাসেম, মো. সাজ্জাত হোসেন, আজমীর হোসেন, লুডহাখালী গ্রামের মো. ইউসুফ, মধিয়াম গ্রামের মো. বেলাল হোসেন, সীতাকুণ্ড উপজেলার পূর্বা গ্রামের মো. তাবসুফ ইউসুফ, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের মো. ফাইম খান, নড়াইল সদর উপজেলার চরদিঘুলিয়া গ্রামের মো. জাহাঙ্গীর শেখ ও ঝালকাঠির নলছিটি উপজেলার মালোইয়ারা গ্রামের মো. জাকির হোসেন হাওলাদার।