ক্যাচ মিস মানেই ম্যাচ মিস। ক্রিকেটের বহুল প্রচলিত এ কথাটি আরও একবার হাড়ে হাড়ে টের পেল কলকাতা নাইট রাইডার্স। আন্দ্রে রাসেলের করা ১৬তম ওভারের প্রথম বলেই ডেভিড মিলারের ক্যাচ ফেলেন সূয়াস শর্মা। এরপর যা হবার তাই হলো। বিজয় শঙ্করের সঙ্গে মিলারের ঝড়ে এক রকম উড়ে গেল কলকাতা।
ইডেন গার্ডেন্সে শনিবার ৭ উইকেটের জয় তুলে নেয় গুজরাট টাইটান্স। কলকাতার দেওয়া ১৮০ রানের লক্ষ্য ১৭.৫ ওভারে ছুঁয়ে ফেলে দলটি।
এই জয়ের ফলে আট ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে আইপিএলের শীর্ষে চলে গেল গতবারের চ্যাম্পিয়ন গুজরাট। অন্যদিকে ৯ ম্যাচের মধ্যে কলকাতার এটি ষষ্ঠ হার।
বিজয় শঙ্কর ও ডেভিড মিলারের যুগলবন্দীতে ম্যাচটা নিজেদের করেছে গুজরাট। ২৪ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন বিজয়। মিলার ১৮ বলে অপরাজিত ৩২ করেছেন ২টি করে চার ও ছক্কায়।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা কলকাতাকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দিয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ। ৩৯ বলে ৮১ রানের ইনিংস খেলেন তিনি ৫ চার ও ৭ ছক্কায়। ২৫ রান খরচায় ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন গুজরাটের জস লিটল।