রাতের আঁধারে মুহুর্মুহু গুলি বর্ষণ আর ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন।
গত শুক্রবার মধ্যরাতে ইউনিয়নের হোসেন্দী নতুন বাজার এলাকায় এ গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় হোসেন্দীতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করেছেন তারা।
এ ঘটনায় গতকাল শনিবার দিনভর বাজার এলাকার দোকানি ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা গেছে। দোকান ও ব্যবসা-প্রতিষ্ঠানগুলোতে ক্রেতা সাধারণের সমাগম দেখা যায়নি। বাজারজুড়ে সুনশান নীরবতা লক্ষ্য করা গেছে।
জানা গেছে, গত বছরের ২ নভেম্বর হোসেন্দী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হয়। নির্বাচনের পর বিজয়ী চেয়ারম্যান মনিরুল হক মিঠু ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী মাহবুব মিয়ার মধ্যে বিরোধ চলে আসছে। নির্বাচন ঘিরে ইউনিয়নের বিভিন্ন স্থানে অসংখ্য সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল পুরো ইউনিয়ন।
ডিসেম্বর মাসে দুই পক্ষকে শান্ত করতে প্রশাসন পদক্ষেপ নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ ও প্রশাসনের কঠোরতার কারণে মাস চারেক শান্ত থাকার পর ফের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত আধাঘণ্টা ধরে হোসেন্দী নতুন বাজার এলাকায় তারা মুহুর্মুহু গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন গ্রামবাসী জানিয়েছেন, কিছুদিন শান্ত থাকার পর গেল কয়েকদিন ধরে বর্তমান ইউপি চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা মুখোমুখি অবস্থান করছিল।
পরাজিত চেয়ারম্যান প্রার্থী মাহবুব মিয়া বলেন, ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠুর সমর্থক মাসুম ওরফে কালা মাসুমের নেতৃত্বে ৩০-৪০ জন বহিরাগত সন্ত্রাসী গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
অভিযোগ অস্বীকার করে মাসুম বলেন, ‘আমি মাহবুব মিয়ার পক্ষ ত্যাগ করে মিঠুর সঙ্গে হাত মিলিয়েছি। তাই এ ঘটনায় আমাকে জড়ানো হচ্ছে।’
হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক মিঠু বলেন, ‘ঘটনা যারাই ঘটিয়ে থাকুক। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বলব কঠোর পদক্ষেপ গ্রহণ করুন।’
গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিদুল ইসলাম বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয়পক্ষকে শান্ত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।’