টানা তিন ম্যাচে গোল পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো। এ সময়ে আল-নাসর সৌদি প্রো-লিগে শিরোপা লড়াইয়ে পিছিয়েছে, বিদায় নিয়েছে কিংস কাপ থেকেও। মাঠের মধ্যে ‘রেসলিং’, ক্লাব প্রেসিডেন্টের ভুয়া মন্তব্যের খবর, সব মিলিয়ে সমালোচনার মধ্যে ছিলেন সিআরসেভেন। তবে শুক্রবার রাতে সৌদি প্রো-লিগে গোল করেন রোনালদো। আল-নাসরও ৪-০ তে হারিয়েছে আল রাদকে। লিগে দুই ম্যাচ পর জয়ে ফিরল নাসর।
ম্যাচের চতুর্থ মিনিটে আল ঘাননামের ক্রস থেকে হেডে গোল করেন রোনালদো। সৌদি লিগে ১২ ম্যাচে ১৩ গোল রোনালদোর। ৫৫ মিনিটে ঘারেব, ৯০ মিনিটে মোহামেদ মারান এবং ম্যাচের যোগ করা সময়ে গোল করেন আল-সুলাইহেম।
রোনালদো নিজে গোল পেয়েছেন, দলও জিতেছে। তাতে ভিন্ন মেজাজেই দেখা গেছে তাকে। ম্যাচ শেষের বাঁশি বাজার পর গ্যালারির দর্শকদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে হাততালি দেন। মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার আগমুহূর্তে নিজের জার্সিও দিলেন। তবে সেটি কোনো খেলোয়াড় নয়, প্রতিপক্ষ আল রাদের কোচ মারিয়াস সুমুদিকাকে।
জয়ের পরও সৌদি প্রো-লিগে ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আল-নাসর। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ।