জিএম কাদের বললেন

৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাপা

জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) আগামী  নির্বাচনে ৩০০ আসনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, ‘আমরা ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। শুধু প্রার্থী হতে চাইলেই হবে না, ত্যাগীদের মূল্যায়ন করা হবে।’

গতকাল শনিবার দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে জাপা ঢাকা মহানগর উত্তরের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘৫টি সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে। আমরা প্রতিটি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেব। ইতিমধ্যে গাজীপুর সিটি করপোরেশনে প্রার্থী দিয়েছি। জনগণ ও আমাদের নেতাকর্মীদের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন হলে, আমরা বিজয়ী হব।’

নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা রয়েছে দাবি করে জিএম কাদের বলেন, ‘চট্টগ্রাম-৮ আসনে সংসদীয় নির্বাচন হয়েছে। ভোটারের উপস্থিতি ছিল মাত্র ১০ শতাংশ। ৯০ শতাংশ ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হননি। ভোটারদের ভোটের প্রতি কোনো আস্থা নেই।’

জাপার প্রেসিডিয়াম সদস্য ও উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠানের পরিচালনায় অনুষ্ঠানে জাপার কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল আলম রুবেলসহ শীর্ষ নেতারা বক্তব্য দেন।