আব্দুল্লাহপুর ফ্লাইওভারে দুর্ঘটনা প্রাণ গেল একজনের

রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর ফ্লাইওভারে প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে ইমরান চৌধুরী ইমন (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মো. আব্দুল মোতালিবের ছেলে।

আব্দুল্লাহপুর ট্রাফিক বক্সের পুলিশ পরিদর্শক (টিআই) মেহেদী হাসান দেশ রূপান্তরকে বলেন, একজন মোটরসাইকেলের চালক ফ্লাইওভারের ওপর দিয়ে গাজীপুর যাওয়ার সময় বেপরোয়া গতিতে ওভারটেক করলে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহটি উদ্ধার করে উত্তরা পশ্চিম থানায় নেওয়া হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার জানান, এসআই শাকিল এ বিষয়টি তদন্ত করছেন। লাশ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য কোথায় পাঠানো হবে এ বিষয়টি তারা বলতে পারবে। নিহতের স্বজনরা কেউ এখনো থানায় আসেনি। সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।