কাছে গিয়েও শিরোপার অপেক্ষা বাড়ল নাপোলির

সিরি আতে নাপোলির শিরোপা জয় অনেকটা ‍সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কেউ কথা রাখেনি’ কবিতার মতো। ১৯৮৬-৮৭ মৌসুমে নাপোলি প্রথম সিরি আ শিরোপা জিতেছিল। এরপর ১৯৮৯-৯০ মৌসুমে।

দুইবারই ডিয়েগো ম্যারাডোনার কৃতিত্বে। এরপর তিন দশক ধরে নাপোলির ঘরে আর শিরোপা উঠেনি। আজ ৩৩ বছর পর শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল তারা। কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করে বেড়েছে তাদের অপেক্ষা।

আজ সন্ধ্যায় নিজেদের ম্যাচে সালেরনিতানাকে হারালে শিরোপা উৎসব করতো নাপোলি। তবে শুরুতে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ম্যারাডোনা স্টেডিয়ামে নাপোলি ও সালেরনিতানা ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচের ৬২ মিনিটে হেডে গোল করে নাপোলিকে এগিয়ে দেন ম্যাথিয়াস অলিভেরা। ৮৪ মিনিটে সালেরনিতানার বউলায়ে দিয়া গোল শোধ দেন।

এই ড্রয়ে ৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট নাপোলির। সমান ম্যাচে লাৎসিও’র পয়েন্ট ৬১। অর্থাৎ পয়েন্টের পার্থক্য ১৮। বাকি থাকা ছয় ম্যাচ থেকে ১৮ পয়েন্ট পেতে পারে দুইয়ে থাকা লাৎসিও। ফলে পরবর্তী ম্যাচ পর্যন্ত অপেক্ষা বাড়লো নাপোলির। সিরি আতে দুই দলের পয়েন্ট সমান হলে প্লে-অফ ম্যাচ হবে। নিয়মটি এই মৌসুমেই চালু করে সিরি আ কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময় বিকেলে হওয়া ম্যাচে ইন্তার মিলান ৩-১ এ হারায় লাৎসিওকে। জোড়া গোল করেন লাউতারো মার্তিনেজ।