সাকিব-তামিমদের দায়িত্ব ছাড়লেন সিডন্স

টাইগারদের প্রধান কোচ ছিলেন একসময়। ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপে বাংলাদেশ খেলেছিল তার অধীনে। তারপর দ্বিতীয় মেয়াদে ফের আসেন বাংলাদেশে। তবে ব্যাটিং পরামর্শক হয়ে। এবার সেই দায়িত্বও ছেড়ে দিলেন। জাতীয় দলের সঙ্গে আর কাজ করবেন না তিনি। বাংলাদেশ 'এ' ও বাংলা টাইগার্স দলের হয়ে কাজ করবেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন সিডন্স। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে নিজের নতুন দায়িত্বের কথা জানিয়েছেন তিনি।

এই অস্ট্রেলিয়ান লিখেছেন, ‘সংক্ষিপ্ত ছুটির পর ঢাকায় ফিরেছি। এখন থেকে আমি আর বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করব না। বিসিবির সাথে কথা বলেই পরবর্তী তরুণ প্রজন্মের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি আমি। আমি মনে করি, তাদেরকে দেওয়ার মতো আমার অনেক কিছুই আছে।’

নতুন দায়িত্ব নিতে মুখিয়ে জানিয়ে তিনি বলেন, 'আমি তরুণ ক্রিকেটারদের কোচিং করাতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। বিসিবি এখন তা বাস্তবায়ন করতে যাচ্ছে। জাতীয় দলের সঙ্গে কাজ করার যে মর্যাদা সেটা আমি বুঝি, তবে বেশিরভাগ স্কিল ডেভলপমেন্ট, উন্নতি এবং ট্রেইনিংয়ের সূচনা হয় মিরপুরের নেটে। 'এ' দল এবং টাইগার্সের ভবিষ্যৎ ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।'

২০২২ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে আসেন তিনি। শুরু থেকে জাতীয় হলের পাশাপাশি দেশের পাইপ লাইন নিয়ে কাজ করার কথা থাকলেও তা কার্যকর হয়নি। এবার বিসিবির চাওয়া এবং সিডন্সের ইচ্ছার কারণেই তা আলোর মুখ দেখতে যাচ্ছে।