ফরিদপুরে ওষুধ ব্যবসায়ীদের বেশি দামে ওষুধ বিক্রিতে বাধ্য করার প্রতিবাদে ও সাধারণ জনগণকে ওষুধ সিন্ডিকেটের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেস ক্লাসের সামনে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এ মানববন্ধন হয়।
এ সময় বক্তারা বলেন, কিছুদিন আগেও ফরিদপুরে সব শ্রেণি-পেশার মানুষ ওষুধ ক্রয় করার সময় ৫ থেকে ১০ শতাংশ হারে ছাড় পেতেন। কিন্তু বর্তমানে ড্রাগ সমিতির একটি চক্র সিন্ডিকেটের মাধ্যমে সেই কমিশন বন্ধ করে দেয় এবং সাধারণ জনগণকে প্যাকেটের গায়ের দামে ওষুধ ক্রয় করতে বাধ্য করছেন। কোনো ওষুধ ব্যবসায়ী ওষুধের দাম কম রাখলে তাকে জরিমানা প্রদানসহ লাইসেন্স বাতিলেরও হুমকি প্রদান করা হচ্ছে। ফলে জেলার সাধারণ মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অতি দ্রুত ড্রাগ সমিতির এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে সংগঠনগুলোর নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।