নিখোঁজ কিশোরীদের সন্ধানে মিলল ৭ মরদেহ

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে দুই কিশোরীসহ মোট ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার বিকেলে রাজ্যটির হেনরিয়েটা শহর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। ১৪ বছরের ইভি ওয়েবস্টার ও ১৬ বছরের ব্রিটানি ব্রুয়ার ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়ার পর তাদের খুঁজছিল পুলিশ। অবশেষে জেসি ম্যাকফাডিন নামে এক চিহ্নিত যৌন অপরাধীর বাড়িতে পাওয়া যায় তাদের মরদেহ। সেখানে ম্যাকফাডিনসহ তার পরিবারের সদস্যদেরও মরদেহ উদ্ধার করে পুলিশ। ম্যাকফাডিনকে সঙ্গে নিয়েই দুই কিশোরী ঘুরতে বেড়িয়েছিলেন বলে জানা গেছে।  এক বিবৃতিতে পুলিশ জানায়, ২০০৩ সালে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেল খাটেন ৩৯ বছরের ম্যাকফাডিন। ২০২০ সালে জেল থেকে মুক্তি পান এই ব্যক্তি। এছাড়া এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগও ছিল তার বিরুদ্ধে। সেই জেসি ম্যাকফাডিন যেখানে থাকতেন সেখানে অফিসাররা তল্লাশি চালানোর সময় আইভি এবং ব্রিটানির মৃতদেহ খুঁজে পান। অন্যান্য মৃতদেহ সম্ভবত ম্যাকফাডিন এবং তার পরিবারের সদস্যদের হতে পারে বলে ধারণা পুলিশের। এ ঘটনাকে বিপর্যয়কর মন্তব্য করে তদন্তে নেমেছে পুলিশ।