বাফুফের সঙ্গে বিচ্ছেদ হতে যাচ্ছে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কর্মরত পল স্মলির। ব্রিটিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নিজে থেকেই সরে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
পল স্মলি দ্বিতীয় দফায় বাফুফের সঙ্গে কাজ করছেন। তাকে নিয়ে অনেক আগে থেকেই দেশের ফুটবলে রয়েছে বিতর্ক। টেকনিক্যাল ডিরেক্টর হলেও তাকে বেশিরভাগ সময় ব্যস্ত দেখা যায় মেয়েদের ফুটবল নিয়ে। এটাই তাকে নিয়ে বিতর্কের সবচেয়ে বড় কারণ।
মেয়েদের ফুটবলের বাইরে বিভিন্ন সময়ে বাফুফের কোচেস কোর্স পরিচালনায় ব্যস্ত সময় পার করেছেন পল স্মলি। তবে ছেলেদের ফুটবলে তাকে সম্পৃক্ত দেখা গেছে কমই।
মঙ্গলবার বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে পল নিয়ে কাজী সালাউদ্দিন বলেন, ‘পলের চুক্তি আছে ২০২৪ পর্যন্ত। কিন্তু সে আর থাকতে চাইছে না। ওর সমস্যা হলো, ও আমাকে যখন-তখন চাইলে পাচ্ছে না। সে মেয়েদের দলের সঙ্গে সিঙ্গাপুর যাওয়ার দুই দিন আগে আমার বাসায় এসে জানিয়ে গেছে, বাফুফের চাকরি ছেড়ে দিতে চায়।’
পল স্মলি বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে প্রথম ঢাকায় আসেন ২০১৬ সালে। তিন বছর কাজ করে ২০১৯ সালের অক্টোবরে চলে যান। সেই সময় ব্রুনাই জাতীয় দলের কোচ হন তিনি। পরে তাকে আবার ফিরিয়ে আনেন বাফুফে সভাপতি।
ফের তার চলে যাওয়ার ইচ্ছা নিয়ে কাজী সালাউদ্দিন আরও বলেন, ‘পল বলেছে, আমি যেন তাকে থাকার জন্য অনুরোধ না করি। কারণ, সে মনে করে, বাংলাদেশের ফুটবলে কাজ করার আর পরিবেশ নেই। এ দেশের মানুষ ফুটবল ভালোবাসে না। পছন্দ করে না। কাজেই সে আর থাকতে চাইছে না।’