চলে গেলেন সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী (৬৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যকৃতের সমস্যার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

কামরুল ইসলাম দৈনিক সংবাদ ও বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। সবশেষ গত ডিসেম্বরে তিনি বাসস থেকে বার্তা সম্পাদক হিসেবে অবসর নেন। দৈনিক সংবাদের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন কামরুল ইসলাম। অর্থনীতিবিষয়ক সাংবাদিকতায় তিনি বেশ সুনাম অর্জন করেন। পরে তিনি দেশের অন্যতম প্রধান পরিবেশ সাংবাদিক হিসেবে আবির্ভূত হন।

তিনি পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন।

আজ বুধবার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আইচাপাড়া গ্রামে তাকে দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।