জরায়ু ক্যানসারে দেশে বছরে মৃত্যু ৪ হাজার

জরায়ুপথে ক্যানসারের কারণে বাংলাদেশে প্রতি বছর প্রায় চার হাজার নারী মারা যাচ্ছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। এ ছাড়া সেক্সুয়াল সংক্রমণ বা প্রজনন অঙ্গে সংক্রমণের কারণে প্রতি বছর আরও এক হাজার নারী এবং এ রোগ প্রতিরোধে অ্যান্টিবায়োটিক সেবনের কারণে আরও এক হাজার করে নারী মারা যাচ্ছেন বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গতকাল রাজধানীর আইসিডিডিআর,বি সেমিনার কক্ষে ‘বাংলাদেশে সেক্সুয়াল এবং জন্মধারণ স্বাস্থ্য অধিকার’ শীর্ষক জাতীয় সম্মেলন নিয়ে অ্যাডসার্চ ও আইসিডিডিআর,বি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সম্মেলনে আইসিডিডিআর,বির সিনিয়র ডিরেক্টর ও ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ ডিভিশনের সিনিয়র সায়েন্টিস্ট শামস এল আরেফিন, অ্যাডসার্চের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর কামরুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে এ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আইসিডিডিআর,বির শিশু এবং মাতৃত্ব স্বাস্থ্য বিভাগের সহযোগী বিজ্ঞানী ডা. আহমেদ এহসানুর রহমান জানান, মাতৃত্বকালীন স্বাস্থ্যগত নানা সমস্যার কারণে বিশ্বে প্রায় দুই লাখ নারী মারা যাচ্ছেন। এতে বাংলাদেশে মারা যান প্রায় সাড়ে ছয় হাজার নারী। নারীদের আরও একটি বড় সমস্যা হলো প্রজনন অঙ্গ নিচের দিকে নেমে আসে। এ কারণে বিশ্বব্যাপী বছরে দুই হাজার ও বাংলাদেশে ১৫০ জনের বেশি নারীর মৃত্যু হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ বুধবার ঢাকার একটি হোটেলে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার ও উদ্ভাবন নিয়ে দুটি বৈজ্ঞানিক সেশনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিস্তারে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনজন বিশিষ্টজনকে ‘এসআরএইচআর এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩’ দেওয়া হবে। এ বছর অধ্যাপক ডা. এএইচএম তৌহিদুল আনোয়ার চৌধুরী, জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন এবং বাংলাদেশের প্রজনন স্বাস্থ্য গবেষণা ও কর্মসূচির অগ্রদূত হালিদা আকতার হানুমকে এ সম্মাননায় ভূষিত করা হবে।