বাংলাদেশের নিদিষ্ট কোনো রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র ‘সমর্থন’ করে না বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
মঙ্গলবার (২ মে) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, আমরা আগেও বলেছি, যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ সারা বিশ্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করে এবং আমরা একটি রাজনৈতিক দল বা প্রার্থীকে রেখে অন্য রাজনৈতিক দলকে ‘সমর্থন’ করি না।
প্যাটেল বলেন, ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশের পাশাপাশি বিশ্বের সব মার্কিন দূতাবাসের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের দূত হিসেবে কাজ করে।
তিনি বলেন, আমি যা লক্ষ্য করব - বাংলাদেশ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। এটি এমন একটি দেশ যার সঙ্গে আমরা আমাদের সম্পর্ক গভীর করতে আগ্রহী।
২০২২ সালে দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে এবং তারা বিশ্বাস করে যে বেশ কয়েকটি বিষয় রয়েছে যেখানে উভয় দেশ সহযোগিতা আরও গভীর করতে পারে, যা কেবল বাংলাদেশ সরকারের সঙ্গে নয়, বাংলাদেশের জনগণের সঙ্গেও।
প্যাটেল জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলা, অর্থনৈতিক সম্পর্ক গভীর করা এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে সম্পর্কিত নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বের যে কোনো দেশের জন্য এটাই আমাদের প্রত্যাশা যে নির্বাচন যেন অবাধে, সুষ্ঠুভাবে এবং আপনারা যেমন বলেছেন, নিরপেক্ষতার সঙ্গে তা অনুষ্ঠিত হোক, একইভাবে আমিও বলতে পারি।