বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ কবির হোসেন মারা গেছেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য কবির হোসেন (৮৪) মারা গেছেন। আজ বুধবার (০৩ মে) বিকেল ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, গত সোমবার (০১ মে) কবির হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বিএনপির সাবেক এই সংসদ সদস্য দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

উল্লেখ্য, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরেই রাজনীতিতে এসেছিলেন কবির হোসেন। বিএনপির প্রার্থী হিসেবে তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।