বিদ্যুতে যৌথ স্টিয়ারিং কমিটির সভা আজ

ভারতের পাশাপাশি নেপাল ও ভুটান থেকেও জলবিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ। অন্যদিকে শীতকালে বিদ্যুতের চাহিদা যখন কম থাকবে তখন বাংলাদেশ থেকে বিদ্যুৎ রপ্তানি করা হবে। এ ছাড়া বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে ভারতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। বিদ্যুৎ খাতে এমন নানা ধরনের সহযোগিতা বিষয়ক বাংলাদেশ-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির ২১তম সভা অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার। খুলনায় অনুষ্ঠেয় সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন বিদ্যুৎ বিভাগের সচিব মোহাম্মদ হাবিবুর রহমান ও ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন সে দেশের বিদ্যুৎ সচিব অলোক কুমার।

সভায় বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎ খাতে পারস্পরিক সহযোগিতা বিষয়ে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

বিদ্যুৎ খাতে সহযোগিতা-সংক্রান্ত বাংলাদেশ-ভারত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা গতকাল একই স্থানে অনুষ্ঠিত হয়েছে। আজকের সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।